Saturday, August 15, 2015

মেট্রোরেলের হিস্পানিক বালকেরা

উচ্চকিত কণ্ঠে, উন্নাসিক বালকদের আগমন ঘটে
রেল-কামরার ভেতরে,
দেহে স্বভাবজাত পুরুষালী আবেগ, যেন ওয়াল্ট হুইটম্যানের কবিতার স্নানরত পুরুষ, 

আমার উল্টোদিকের কিন্তু তাদের থেকে বেশ কিছু দূরত্বে অবস্থানরত
তরুণী স্বভাবতই সচকিত
কারণ হিস্পানীয়-ভাষায় ছুড়ে দেয়া খিস্তি-খেউরগুলো উড়ে যাচ্ছিল তার দিকেই। 

গায়ানিজ অথবা ত্রিনিদাদীয় অথবা ভারতীয়
তরুণীটির সপ্রতিভ ঊরুসন্ধি কিংবা পরিপাটি কেশবিন্যাস
যখন কামজাত লক্ষ্যবস্তুতে পরিণত ক্রিয়োল বা মেস্তিহো কদর্য তরুণ-কণ্ঠগুলোর
তখনই যেন ধরা যায় পুঁজিবাদ পূজায় ব্যস্ত
                      প্রগলভ নিউ ইয়র্কের মোহনীয়তা,
এই শহরে সবাই খুঁজে ফেরে বাঁচার স্বপ্ন,
                      অথবা উদাম অবগাহন আহ্বানে হারিয়ে যায় সর্বদা।


                                                 নিউ ইয়র্ক, ৯ আগস্ট, ২০১৫            

No comments: